Image description

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) এবং তার ছেলে রুবেল কাজীর সাত বছর বয়সী মেয়ে আরফা।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বেপরোয়া গতির বাস (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৭১) জয়শ্রী এলাকা অতিক্রম করছিল। এসময় রাস্তা পারাপাররত দাদি ও নাতনিকে বাসটি সজোরে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘাতক বাসটিকে শনাক্ত করেছে এবং সেটি আটকের চেষ্টা চালাচ্ছে।

ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর