কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক স্থান থেকে ৬ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকৃতির দাঁড়াশ ও দেড় ফুট দৈর্ঘ্যের একটি কাল নাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে ‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী’র কলাপাড়া শাখার সদস্যরা সাপ দুটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়িতে মাছ ধরার জালে পেঁচানো অবস্থায় ৬ ফুট লম্বা দাঁড়াশ সাপটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সংগঠনের সদস্যরা সেটি উদ্ধার করেন। অন্যদিকে, উপজেলার পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বসতঘর থেকে উদ্ধার করা হয় দেড় ফুট দৈর্ঘ্যের কাল নাগিনী সাপটি। কালচে বাদামী বর্ণের দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিষ এবং সবুজ-হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা কাল নাগিনী সাপটি মৃদু বিষধর।
উদ্ধারের পর বেলা ১১টার দিকে সাপ দুটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় বিরল প্রজাতির সাপ দুটি দেখতে স্থানীয়রা ভিড় জমান।
অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়েজিদ আহসান বলেন, "হটলাইনে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপ দুটি উদ্ধার করি। উদ্ধারের সময় সাপগুলো কিছুটা আঘাতপ্রাপ্ত হওয়ায় তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সাপ দুটি পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠলে বন বিভাগের পরামর্শে দ্রুতই সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments