Image description

দেশের জ্বালানি তেলের বাজারে স্বস্তির খবর মিলেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার দীর্ঘ দুই মাস পর সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জেটিতে এই তেল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ থাকায় গত দুই মাস দেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ আসতে পারেনি। এ অবস্থায় বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন তেল নিয়ে গত ২১ এপ্রিল রওনা দেয় চীনা জাহাজ ‘নিনেমিয়া’। দীর্ঘ ১৫ দিনের সমুদ্রযাত্রা শেষে বুধবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া বহির্নোঙরে এসে পৌঁছায়।

তেল খালাস প্রক্রিয়া দ্রুত করতে ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে ছয়টি লাইটার জাহাজ। প্রতিটি লাইটার জাহাজ এক ট্রিপে প্রায় ৪ হাজার টন করে ক্রুড অয়েল পরিবহন করতে পারবে। সেই হিসেবে প্রতিদিন অন্তত ২৪ হাজার টন তেল খালাস করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরব থেকে সমুদ্রপথে এবং বহির্নোঙর থেকে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত এই তেল পরিবহনের পুরো দায়িত্ব পালন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক গণমাধ্যমকে জানান, দেশের জ্বালানি মজুদ স্বাভাবিক রাখতে সরকার তৎপর রয়েছে। ১ লাখ টনের এই চালানটি ছাড়াও চলতি মাসেই আরও ২ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে আরও দুটি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

জ্বালানি খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, বিপুল পরিমাণ এই তেল আসার ফলে দেশের জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি শক্তিশালী হবে এবং সরবরাহ ব্যবস্থায় যে অস্থিরতার শঙ্কা তৈরি হয়েছিল তা কেটে যাবে।

মানবকণ্ঠ/আরআই