বাউফলে নিখোঁজ চার স্কুলছাত্রী ৪ দিন পর গাজীপুর থেকে উদ্ধার
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলো— সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়েশা আক্তার (১৫)।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থীরা গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে এবং পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়েছিল। তারা বাড়ি থেকে প্রায় ৮০ হাজার টাকা নিয়ে গাজীপুরে চলে যায় এবং সেখানে মৌচাক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল।
ওসি আরও জানান, ‘মেয়েরা একটি কম্পিউটার দোকানে গিয়ে চাকরির জন্য সিভি (CV) তৈরি করতে চাইলে দোকানদার তাদের ফোন নম্বর রেখে দেন। সেই সূত্র ধরে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়।’
বর্তমানে উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মৌচাক পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত রবিবার (১০ মে) সকালে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় এই চার শিক্ষার্থী। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। চার দিন পর সন্তানদের ফিরে পাওয়ার খবরে পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments