মাত্র ৪০ সেকেন্ডের ঝড়ে চট্টগ্রামের মিরসরাইয়ের হিঙ্গুলী ও করেরহাট ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের ঘর বাড়ি ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে। রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে ৪০ সেকেন্ড স্থায়ী হওয়া এই কালবৈশাখী ঝড়ে ঘরের টিন উড়ে গিয়ে পড়েছে অন্য বাড়িতে। বসত ঘরের উপর উপড়ে পড়েছে বড় বড় গাছ।
জানা গেছে, রোববার বেলা ১১টায় দিয়ে হঠাৎ শুরু হয় প্রচন্ড ঝড় তুফান। চোখের পলকে সব কিছু তছনছ করে দিয়ে যায়। মাত্র ৪০ সেকেন্ড স্থায়ী হওয়া এই কালবৈশাখী ঝড়ে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী, কদমতলা, চিনকিরহাট, আজমনগর, করেরহাটসহ বেশ কিছু গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়।
ক্ষতিগ্রস্থ হিঙ্গুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের বাসিন্দা মো. আলমগীর বলেন, রবিবার সকালে হঠাৎ একটি ঝড় আসে। চোখের পলকে ঘরের পাশে থাকা আমার চাচার একটি বড় গাছ উপড়ে আমাদের বসত ঘরের উপর পড়ে। এতে আমাদের রান্নাঘর, বসত ঘরের দুইটি কক্ষ ক্ষতিগ্রস্থ হয়। পূর্ব হিঙ্গুলী গ্রামের খিল হিঙ্গুলী এলাকার আশিষ রায় বলেন, রবিবারের কাল বৈশাখী ঝড়ে আমার ঘরের বেশ কয়েকটি টিন উড়িয়ে নিয়ে যায়। চোখের পলকে টিনগুলো বাতাসে উড়ে গেছে। এতে আমাদের বসত ঘরটি ক্ষতিগ্রস্থ হয়।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বারইয়ারহাট জোনাল অফিস সূত্রে জানা গেছে, রবিবারের কালবৈশাখী ঝড়ে ৩৩ ও ১১ কেভি বৈদ্যুতিক লাইনে উপর গাছ পড়ে তার ছিঁড়ে যায়। হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী, আজমনগর, কদমতলা ও করেরহাট সহ বেশ কিছু গ্রামের ৫টি খুঁটি পড়ে গেছে। ৮-১০টি খুঁটি হেলে পড়েছে। এছাড়া ২০-২৫টি স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। রবিবার সন্ধ্যার সাড়ে ৬টায় এই রির্পোট লিখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ সব স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সরেজমিনে হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, বড় বড় গাছ ঘরের উপর উপড়ে পড়েছে। অনেক বসত ঘরের টিনের চালা নেই। বসত ঘরের উপরে পড়া গাছ কেটে অপসারণ করছে ক্ষতিগ্রস্থরা।
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বারইয়ারহাট জোনাল অফিসের ডিজিএম মো. হেদায়েত উল্ল্যা বলেন, রোববারের হঠাৎ কাল বৈশাখী ঝড়ে আমাদের জোনাল অফিসের আওতাধীন বেশ কিছু গ্রামে বৈদ্যুতিক খুটি ভেঙ্গে ও হেলে পড়েছে। প্রায় ২০-২৫টি স্থানে বৈদ্যুতিক তাঁর ছিঁড়ে গেছে। আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্থ এলাকায় কাজ করছে। আজকের (রবিবার) মধ্যে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহের চেষ্ঠা চলছে।




Comments