ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে চলন্ত ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা: প্রাণ গেল ২ জনের
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় দুইজনের প্রাণহানি ঘটেছে। সোমবার ভোররাত ৫টার দিকে এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল খান জানান, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাককে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মাছবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মাছবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ট্রাকের দুই আরোহী নিহত হন।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তিরা মাছবাহী ট্রাকটির চালক ও হেলপার হতে পারেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে বলে জানান এসআই মো. সোহেল খান।




Comments