মাস্তুল ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন সাবেক অতিরিক্ত আইজিপি মতিউর রহমান
দেশের অন্যতম পরিচিত মানবিক ও দাতব্য প্রতিষ্ঠান ‘মাস্তুল ফাউন্ডেশন’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মতিউর রহমান। সম্প্রতি এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মাস্তুল ফাউন্ডেশন জানায়, সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মতিউর রহমানের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও সুদক্ষ নেতৃত্ব ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে। তার দিকনির্দেশনায় দেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে।
উল্লেখ্য, মাস্তুল ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি স্বনামধন্য সেবামূলক জাতীয় প্রতিষ্ঠান। গত এক দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। করোনাকালে দাফন সেবা থেকে শুরু করে ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণ এবং ২০২৩ সালে তুরস্কের ভূমিকম্প ও ২০২৪-২৫ সালে গাজা ও সুদানের মানবিক সংকটে বাংলাদেশের পক্ষ থেকে সহায়তা পৌঁছে দিয়ে প্রতিষ্ঠানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রতিষ্ঠানটির অন্যতম সফল উদ্যোগ ‘যাকাত স্বাবলম্বী’ প্রকল্পের মাধ্যমে অসংখ্য কর্মহীন যুবক ও অসহায় মানুষের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ‘মেহমানখানা’ প্রকল্পের আওতায় প্রতিদিন অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ এবং ঢাকার হাজারীবাগে নিজস্ব মাদ্রাসা, শেল্টার হোম ও এতিমখানা পরিচালনা করছে মাস্তুল ফাউন্ডেশন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইন অনুযায়ী, এই ফাউন্ডেশনে প্রদত্ত যেকোনো দান বা যাকাত আয়করমুক্ত, যা দাতাদের জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হয়। নতুন উপদেষ্টার অভিজ্ঞ নেতৃত্বকে কাজে লাগিয়ে এই মানবিক অগ্রযাত্রাকে আরও বহুদূর নিয়ে যেতে আশাবাদী সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments