Image description

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কামারপল্লী ও হাট-বাজারগুলোতে কর্মব্যস্ততা তুঙ্গে উঠেছে। পশু কোরবানির প্রয়োজনীয় সরঞ্জাম দা, বঁটি, ছুরি ও চাপাতি তৈরি এবং পুরনো সরঞ্জামে শান দেওয়ার কাজে দিন-রাত টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামার দোকানগুলো।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বরমা ধামাইর হাট, চন্দনাইশ বাজার, গাছবাড়ীয়া খানহাট ও দোহাজারী বাজারসহ বিভিন্ন হাট-বাজারে এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়। পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কোরবানিদাতারা। কামাররা জানান, টেকসই ও ভালো মানের সরঞ্জাম তৈরিতে তারা পুরনো গাড়ির স্প্রিংয়ের উন্নতমানের ইস্পাত ব্যবহার করছেন।

বাজারে বর্তমানে প্রতিটি বড় ছুরি ১,০০০ থেকে ১,৫০০ টাকা, চাপাতি ৮০০ থেকে ১,২০০ টাকা এবং দা ও বঁটি মানভেদে প্রতি কেজি ৬০০ টাকা বা তার বেশি দরে বিক্রি হচ্ছে। কামার শিল্পীরা জানান, সারাবছর কাজের চাপ কম থাকলেও কোরবানির ঈদই তাদের আয়ের মূল মৌসুম। তবে এ বছর লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় তৈরিকৃত সরঞ্জামের দাম গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে।

ব্যবসায়ীরা জানান, বাজারে বর্তমানে আধুনিক যন্ত্রপাতিতে তৈরি রেডিমেইড সরঞ্জামের আধিক্য থাকায় হাতে তৈরি অর্ডারের সংখ্যা আগের চেয়ে কিছুটা কমেছে। তবুও গুণগত মান ও দীর্ঘস্থায়িত্বের কারণে সাধারণ মানুষ এখনও কামারদের হাতে তৈরি সরঞ্জামই বেশি পছন্দ করছেন। কয়লা ও কাঁচামালের চড়া দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ঈদের এই বাড়তি আয় চন্দনাইশের কামারদের মুখে হাসি ফুটিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর