Image description

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার মুলনা ইউনিয়নের চর লাউখোলা এলাকায় এই অভিযান চালানো হয়।

জাজিরা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চর লাউখোলা ব্র্যাক অফিস সংলগ্ন মেসার্স ইশরাক মোড়ল ট্রেডার্সের সামনের পাকা সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নাছিমা আক্তার (৩০) ও তার স্বামী মো. বাদল চিশতিয়া (৪৭)। নাছিমা আক্তার মাদারীপুর জেলার শিবচর উপজেলার ছলেনামা শেখপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে, মো. বাদল চিশতিয়ার আদি বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় হলেও তিনি বর্তমানে শিবচর এলাকায় বসবাস করছিলেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করার পাশাপাশি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ মে) আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

__এআর/এমকে