মুন্সিগঞ্জের পাশবিক নির্যাতন ও হত্যার শিকার শিশু রামিসার কবরের পাশে দাঁড়িয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে রামিসার শোকাহত বাবাকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করতে গেলে সেখানে এক অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
জিয়ারত শেষে কবরের পাশে দাঁড়িয়ে রামিসার বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সংসদ সদস্য এবং একপর্যায়ে অঝোরে কেঁদে ফেলেন। এ সময় উপস্থিত এলাকাবাসী ও স্বজনদের মাঝেও শোকের ছায়া নেমে আসে এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "রামিসার মতো নিষ্পাপ শিশুর ওপর এমন পৈশাচিক বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার নিয়মিত তদারকি করছি। খুনিদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পাষণ্ড এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।"
স্থানীয় বাসিন্দারা জানান, এই নির্মম হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকা শোকস্তব্ধ হয়ে আছে। রামিসার আত্মার মাগফিরাত কামনায় আজ কবর প্রাঙ্গণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মুন্সিগঞ্জসহ সারাদেশে তীব্র নিন্দার ঝড় উঠেছে। এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ।
মানবকণ্ঠ/ডিআর




Comments