চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ মে) অভিযুক্ত যুবককে আটক করা হয়। আটক তরিকুল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ মে (বুধবার) দুপুরে ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা তার মেয়ের বাড়ি রামনগর থেকে একা নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ইব্রাহিমপুর উত্তরপাড়ার তরিকুল ইসলাম তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার সহযোগিতার কথা বলে সঙ্গে নেয়। পরে মেন্দের মাঠ এলাকায় ইব্রাহিমপুর পার্কের নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী অভিযোগ করেন।
ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযানে নামে এবং অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। আজ সোমবার এ ঘটনায় দামুড়হুদা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এদিকে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, ন্যাক্কারজনক এই ঘটনাটি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল শুরু থেকেই তৎপরতা চালাচ্ছে এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করছে। তবে পুলিশ ও সচেতন মহলের শক্ত অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ডাক্তারি পরীক্ষা ও মামলার তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments