প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার (৩১ মে) দুপুরে সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন মিঝি বাদী হয়ে রায়পুর থানায় সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে এই মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, এনসিপি নেতা আনোয়ার হোসেন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করেন। শুধু তাই নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কাগজে লিখে তার ওপর পা দিয়ে দাঁড়িয়ে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করা হয়, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
বাদী রুহুল আমিন মিঝি অভিযোগ করেন, এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে আনোয়ার হোসেন ও তাঁর সহযোগীরা বাদীর ওপর হামলা চালায় এবং তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। মামলায় আনোয়ারের দুই ভাইসহ আরও ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এর আগে শনিবার (৩০ মে) রাতে উপজেলার সোনাপুর গ্রাম থেকে স্থানীয়রা আনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে এনসিপির জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব আলমগীর হোসাইন দাবি করেছেন, প্রায় ২ হাজার লোক নিয়ে আনোয়ারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তাঁকে বেধড়ক মারধর করার পর পুলিশে দেওয়া হয়েছে। তিনি একে 'রাজনৈতিক ন্যাক্কারজনক ঘটনা' বলে অভিহিত করেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার ও হামলার অভিযোগে মামলা দায়েরের পর আনোয়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান, অভিযুক্ত আনোয়ার হোসেনকে আজ আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




Comments