রায়গঞ্জে নিখোঁজ কলেজছাত্রী উদ্ধার, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রায়গঞ্জ উপজেলা সদর মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ব্রহ্মগাছা গ্রামের বেলী রানী ভৌমিকের মেয়ে ও রায়গঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থী পলি কুমারী ভৌমিক (১৭) গত ৫ মে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ৬ মে তার মা রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একই কলেজের শিক্ষক মো. রবিউল আলম পলিকে ফুসলিয়ে নিয়ে গেছেন। অভিযুক্ত রবিউল আলম উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের বাসিন্দা এবং ওই কলেজের শিক্ষক হিসেবে কর্মরত।
রায়গঞ্জ থানা সূত্রে জানা যায়, জিডি হওয়ার পর থেকেই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীর অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। তদন্তের একপর্যায়ে পুলিশ নিশ্চিত হয় যে, পলি কুমারী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে গত ৩১ মে গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পলিকে উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষক রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউজ্জামান বলেন, "নিখোঁজের জিডি পাওয়ার পর থেকেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকেও সংশ্লিষ্ট আমলি আদালতে পাঠানো হয়েছে।"
এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উদ্ধার হওয়া শিক্ষার্থীর বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments