Image description

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া বিভিন্ন মূল্যবান চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সরঞ্জাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে রাতে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর মডেল মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের অফিসের তিনটি কক্ষের তালা ভেঙে বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে তালা ভাঙা ও চুরির বিষয়টি নিশ্চিত হন। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল সিলিং ফ্যান, স্টেরিলাইজার ড্রাম, ফোর-বার্নার চুলা, বেবি ও অ্যাডাল্ট ওয়েট মেশিন, সাকার মেশিন, অটো গ্রাইন্ড মেশিনসহ বিভিন্ন বৈদ্যুতিক ও স্যানিটারি সামগ্রী, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।

ঘটনার তদন্তে নেমে আজ শুক্রবার (৫ জুন) ভোর ৬টা ৪০ মিনিটে উপজেলার বারাতীপুর গ্রাম থেকে মো. নূর আলম (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি অটো ফ্রেন্ড মেশিন, একটি সাকার মেশিন, চারটি বেবি ওয়েট মেশিন এবং একটি স্টিলের স্টেরিলাইজার ড্রাম উদ্ধার করা হয়। নূর আলমের স্বীকারোক্তির ভিত্তিতে সকাল ৮টার দিকে একই এলাকা থেকে অপর সহযোগী মো. শাকিরুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াজিদ হোসেন জানান, মামলার তদন্ত চলমান রয়েছে। চুরির সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আসামিরা জামিনে মুক্তি পেলে পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তাদের কারাগারে আটকে রাখার আবেদন জানানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজা মিয়া চুরির মালামাল উদ্ধার ও দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে এবং দ্রুততম সময়ে মালামালসহ চোরদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর