Image description

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকায় প্রায় ৬১ কোটি টাকা মূল্যের ‘মেমেবে’ (Mayway) নামক একটি কেমিক্যাল ট্যাঙ্কার জাহাজ ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান। চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে ভাঙার জন্য আনা এই জাহাজটি মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি দপ্তরের নিষেধাজ্ঞার কবলে পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, জাহাজটি ক্রয়ের চুক্তি সম্পাদন, এলসি (ঋণপত্র) খোলা এবং বাংলাদেশে আসার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল মার্কিন নিষেধাজ্ঞা জারির আগেই। তবে পরবর্তীতে নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ্যে আসায় আমদানিকারক প্রতিষ্ঠান ‘মেসার্স এসএন কর্পোরেশন’ ঝুঁকি এড়াতে জাহাজটির ডেলিভারি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে এবং ক্রয় সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বাতিল করেছে।

জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, পালাউ পতাকাবাহী ‘মেমেবে’ (IMO: 9133082) একটি ৪৪ হাজার ৮০০ টন ধারণক্ষমতাসম্পন্ন রাসায়নিক ও তেলবাহী ট্যাঙ্কার। ১৯৯৭ সালে নির্মিত এই জাহাজটি গত ২২ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। এরপর ২৮ মে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ (OFAC) জাহাজটিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে।

জানা গেছে, জাহাজটি আমদানির দায়িত্বে ছিল এসএন কর্পোরেশন, যার মালিক চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও ইস্টার্ন ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান শওকত আলী চৌধুরী (স্থানীয়ভাবে ‘ডিসকো শওকত’ নামে পরিচিত)।

এসএন কর্পোরেশন সূত্রে জানানো হয়েছে, জাহাজটির বিপরীতে এখনো কোনো অর্থ পরিশোধ করা হয়নি এবং আনুষ্ঠানিকভাবে মালিকানা হস্তান্তরও সম্পন্ন হয়নি। ফলে জাহাজটির দায় ও মালিকানা এখনো বিক্রেতা প্রতিষ্ঠানের হাতেই রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যিক আইন অনুযায়ী, আমদানিকারক প্রতিষ্ঠান ডেলিভারি গ্রহণে অস্বীকৃতি জানানোয় বিক্রেতা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় জাহাজটি বাংলাদেশ থেকে সরিয়ে নেবে। ইতোমধ্যে জাহাজটি ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, ‘মেমেবে’ ২০২৪ সালের জুলাই মাসে ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে জড়িত ছিল। ইরানের ওপর মার্কিন ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতির অংশ হিসেবে এক্সিকিউটিভ অর্ডার ১৩৮৪৬-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে জাহাজটির নিবন্ধিত মালিক হংকংভিত্তিক প্রতিষ্ঠান ‘এভার শাইনিং লিমিটেড’-এর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর