Image description

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে সপরিবারে বেড়াতে গিয়ে হাউসবোটের ইঞ্জিনের পাখায় কাটা পড়ে সৌমাতা সরকার নিঝুম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ৩টার দিকে ‘প্রিমিয়াম ভ্রমণশৈলী’ নামের একটি হাউসবোটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নিঝুম ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের ছোট মেয়ে।

হাউসবোটের মালিক পঙ্কজ রায় জানান, নিঝুম তার মা, বোন ও স্বজনদের নিয়ে তাঁদেরই আত্মীয়ের মালিকানাধীন হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসেছিল। হাওরে গোসল শেষে বোটটি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা হয়। চলন্ত অবস্থায় নিঝুম বোটের পেছনের দিক থেকে সামনে আসার সময় অসাবধানতাবশত ইঞ্জিনের কাছাকাছি পড়ে যায়। তাৎক্ষণিক মেশিন বন্ধ করা হলেও পাখার আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নিহতের বাবা এসআই স্বপন চন্দ্র সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, পরিবারের সদস্যরা আনন্দ করতে হাওরে গিয়েছিল, কিন্তু একটি দুর্ঘটনা আমার ছোট মেয়েটিকে কেড়ে নিল।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদনের প্রেক্ষিতে নিঝুমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর