জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব প্রতিবছরের মতো এবারও বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে মাসব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার (৯ জুন) রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের মাঝে চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচি উপলক্ষে রূপগঞ্জ উপজেলা মিলনায়তন সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পরিবেশের বিপর্যয় রোধে এবং নতুন প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ রূপগঞ্জ গড়তে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং শিক্ষা ও সাংবাদিকতা পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মেহেদী ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নারায়ণগঞ্জ জেলা), এএইচএম সালাউদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রূপগঞ্জ থানা, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, সভাপতি, পূর্বাচল প্রেসক্লাব, ইমদাদুল হক দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, আব্দুল আউয়াল মোল্লা ও মোহসিন মিয়া, যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, শাহনাজ পারভীন, সিনিয়র সহ-সভাপতি, রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।
মেহেদী হাসান, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা ও উন্নয়ন সমিতি, পংকজ কুমার পাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
আলোচনা সভা শেষে উপজেলা কমপ্লেক্স এলাকায় সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন রকমের ফুল ও ফলদ গাছের চারা রোপণ করা হয়। এরপর স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালক এবং পেশাদার সাংবাদিকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করে এই সামাজিক ও পরিবেশগত কর্মসূচির সফল সূচনা করা হয়।
মানবকন্ঠ/আরআই




Comments