কানাডার এক সাবেক এয়ারলাইন পাইলটকে প্রায় ১৭ বছর ধরে যথাযথ লাইসেন্স ছাড়াই শত শত ফ্লাইট পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। চার মাসের দীর্ঘ তদন্ত শেষে গত মঙ্গলবার (৯ জুন) অন্টারিওর পিল অঞ্চলের পুলিশ এয়ার কানাডার সাবেক ক্যাপ্টেন জিওফ্রি ওয়ালের বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক অভিযোগ দায়ের করেছে।
পিল রিজিওনাল পুলিশ জানায়, ৫৯ বছর বয়সী জিওফ্রি ওয়াল ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে জাল পাইলট লাইসেন্স ব্যবহার করে ৯০০-রও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন। ২০২৫ সালে অবসরে যাওয়ার আগে পর্যন্ত তিনি তার যোগ্যতা ও লাইসেন্স সংক্রান্ত তথ্য গোপন করে এয়ার কানাডা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বিভ্রান্ত করে আসছিলেন।
পুলিশের তদন্তে দেখা গেছে, ওয়ালের কাছে একটি বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলেও বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের জন্য বাধ্যতামূলক ‘এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স (এটিপিএল)’ ছিল না।
এক বিবৃতিতে পিল রিজিওনাল পুলিশের প্রধান নিশান দুরাইয়াপ্পাহ বলেন, ‘এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং আকাশপথে নিরাপত্তার মূল ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে। অভিযুক্ত ব্যক্তি ৯০০-রও বেশি ফ্লাইটে লক্ষাধিক যাত্রীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন।’
এদিকে এয়ার কানাডা জানিয়েছে, তারা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। তবে তাদের দাবি, যাত্রীদের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হয়নি। কারণ সব পাইলটকে প্রতি ছয় মাস অন্তর বাধ্যতামূলক প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হয়। এ ছাড়া প্রতি বছর একজন প্রত্যয়িত পাইলটের তত্ত্বাবধানে ফ্লাইট পরীক্ষা দিতে হয়, যা জিওফ্রি ওয়াল সফলভাবে সম্পন্ন করেছিলেন এবং বড় আকারের বিমান পরিচালনায় তার দক্ষতার প্রমাণ মিলেছিল।
সূত্র: আল জাজিরা
মানবকণ্ঠ/ডিআর




Comments