মাদারীপুরের রাজৈর উপজেলায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শামীম মুন্সী (৩৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাতিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মুন্সী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কবিরাজপুর থেকে যাত্রী নিয়ে টেকেরহাটের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত ইজিবাইক। পথিমধ্যে তাতিকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘রিপন ট্রান্সপোর্ট’-এর একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments