Image description

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের অনলাইনে হাজিরা পাঠাতে গিয়ে নেটওয়ার্কের খোঁজে আমগাছে উঠেছেন—এমন ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে হাজিরা পাঠানো বাধ্যতামূলক হওয়ায় সোমবার (১৫ জুন) থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হয়। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টার মধ্যে উপস্থিতি নিশ্চিত করে হাজিরা খাতার ছবি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হয়।

শিক্ষক আবু তাহের জানান, তার বিদ্যালয়টি পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া কঠিন। সকালে স্কুলে এবং পরে ছাদে উঠে চেষ্টা করেও তিনি নেটওয়ার্ক পাননি। পরে পাহাড়ের চূড়ায় গিয়ে এবং শেষ পর্যন্ত একটি আমগাছে উঠে তিনি নেটওয়ার্ক পান এবং হাজিরা পাঠাতে সক্ষম হন।

তিনি বলেন, চাকরি রক্ষার জন্য ঝুঁকি নিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বাঘাইছড়িতে ১১৬টি বিদ্যালয়ের মধ্যে ৮৮টি স্কুলের অনলাইন হাজিরা পাওয়া গেছে, তবে ২৮টি স্কুলের তথ্য এখনো পাওয়া যায়নি নেটওয়ার্ক সমস্যার কারণে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পার্বত্য অঞ্চলের অনেক বিদ্যালয়ে এখনো মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সমস্যা থাকায় অনলাইন হাজিরা কার্যক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই