লালমনিরহাটে ভুট্টাক্ষেতে মাটি খুঁড়ে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের পরদিন একটি ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে নন্দিনী (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমাড়ী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল থেকে হঠাৎ নিখোঁজ হয় নন্দিনী। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালেও এলাকাবাসী ও স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে আলগা বা নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। পরে সেই মাটি খুঁড়তেই বেরিয়ে আসে নন্দিনীর বস্তাবন্দি মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
মানবকণ্ঠ/ডিআর




Comments