সৈয়দপুরে অতিরিক্ত পার্কিং চার্জের প্রতিবাদে অটোশ্রমিকদের পৌরসভা ঘেরাও
নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও ভ্যানের বার্ষিক পার্কিং চার্জ ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা করার দাবিতে পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শত শত অটোশ্রমিক। সোমবার (৬ জুলাই) দুপুরে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। দাবি আদায় না হলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন উপ-শাখা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা পৌরসভা চত্বরে জড়ো হন। সেখানে এক বিক্ষোভ সমাবেশ শেষে পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প আয়ের শ্রমিকদের পক্ষে ২ হাজার টাকা পার্কিং চার্জ দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অথচ পাশের নীলফামারী সদরসহ জেলার অন্যান্য পৌরসভায় এই চার্জ মাত্র ১ হাজার টাকা। সৈয়দপুরে কেন দ্বিগুণ টাকা নেওয়া হবে—এমন প্রশ্ন তোলেন তারা। শ্রমিকরা আরও অভিযোগ করেন, চার্জ না দিলে পৌরসভার লোকজনকে দিয়ে প্রায়ই গাড়ি আটকে রাখা হয় এবং শ্রমিকদের সাথে অমানবিক আচরণ করা হয়।
বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সৈয়দপুর শাখার সভাপতি হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, "আমরা কোনো অন্যায় দাবি করছি না, বরং বৈষম্য দূর করতে চাই। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পার্কিং চার্জ ১ হাজার টাকায় নামিয়ে আনার কার্যকর সিদ্ধান্ত না এলে পুরো সৈয়দপুর অচল করে দেওয়া হবে।"
এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী বলেন, "পার্কিং চার্জটি ২০১৯ সালে নির্ধারিত হার অনুযায়ী নেওয়া হচ্ছে। তবে শ্রমিকদের স্মারকলিপিটি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। বিষয়টি পৌরসভার আগামী মাসিক সভায় আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক রশিদুল ইসলাম, টার্মিনাল শাখার সভাপতি শরিফুল ইসলাম, জহরুল হক, রাবেয়া শাখার সভাপতি আপন, জসীমউদ্দীনসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments