Image description

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক রাইস মিল ব্যবসায়ীকে হত্যা করে মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার কিচক ইউনিয়নের ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনিগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি রাইস মিলের মালিক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার রাতেও মোহাম্মদ আলী তার রাইস মিল পাহারা দেওয়ার জন্য সেখানেই অবস্থান করছিলেন। রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত মিলে প্রবেশ করে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে তার মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর দুর্বৃত্তরা মিলের তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে চম্পট দেয়।

সোমবার সকালে স্থানীয়রা মিলের ভেতর মোহাম্মদ আলীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নিহতের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।"

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর