Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেছেন, দুর্যোগ-দুর্দিনে মানুষের পাশে সরকারকে আরও সক্রিয়ভাবে দাঁড়ানো উচিত। তিনি অভিযোগ করেন, বন্যাদুর্গত এলাকায় সরকারকে যথেষ্ট সক্রিয়ভাবে দেখা যায়নি, তবে জামায়াতে ইসলামী সামাজিক দায়বদ্ধতা থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

শনিবার রাজধানীর মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর অন্যতম লক্ষ্য। প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি সমাজসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে আরও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা উচিত। একই সঙ্গে বিটিভি, বাংলাদেশ বেতারসহ রাষ্ট্রীয় গণমাধ্যমে জুলাইয়ের ঘটনাবলি ও আওয়ামী লীগের শাসনামলের গণহত্যার অভিযোগ নিয়ে প্রচারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মুতাছিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. তোফাজ্জল হোসেন, থানা সেক্রেটারি অ্যাডভোকেট ওয়ালীউল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।