Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে আবুল খায়ের স্টিল মিলস (একেএসএম) থেকে ছেড়ে দেওয়া পানিতে গ্রামের ভেতর কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার (১২ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরী ঘাটা এলাকায় কারখানার যানবাহন চলাচলের পথে ব্যারিকেড দিয়ে এই প্রতিবাদ জানানো হয়।

পরে সীতাকুণ্ড মডেল থানা, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এবং শিল্প পুলিশের হস্তক্ষেপে কারখানা কর্তৃপক্ষের সাথে গ্রামবাসীর সমঝোতা হলে বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, রোববার ভোরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে চৌধুরী ঘাটা এলাকার দিকে কারখানার পানি ছেড়ে দেয় কর্তৃপক্ষ। এতে মুহূর্তের মধ্যে গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। প্রতিটি বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় মূল্যবান আসবাবপত্র, ফ্রিজ, বইপত্রসহ গৃহস্থালি সামগ্রী পানিতে ডুবে নষ্ট হয়ে যায়।

ভুক্তভোগী মো. সালাউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, "কারখানা কর্তৃপক্ষ কোনো ড্রেনেজ ব্যবস্থা না রেখেই সরাসরি গ্রামের দিকে পানি ছেড়ে দিয়েছে। এতে আমাদের ঘরের সব মূল্যবান জিনিস নষ্ট হয়ে গেছে। আমরা প্রতিবাদ করতে গেলে উল্টো কারখানার আনসার দিয়ে আমাদের মারধর ও হুমকির ভয় দেখানো হয়।"

অবরোধের খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা ও শিল্প পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় উত্তেজিত গ্রামবাসীর সাথে কথা বলে কারখানা কর্তৃপক্ষের সমন্বয় ঘটানো হয়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানি নিষ্কাশনের আশ্বাস পাওয়ার পর গ্রামবাসী ব্যারিকেড সরিয়ে নেয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, জলাবদ্ধতাকে কেন্দ্র করে গ্রামবাসী ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে এলাকাবাসী সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা করার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের দেওয়া আশ্বাসের প্রেক্ষিতে গ্রামবাসী অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর