বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৬০০ মানুষের পাশে মারিশ্যা বিজিবি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)। বিজিবির উদ্যোগে বন্যাকবলিত দেড় শতাধিক পরিবারের প্রায় ছয় শতাধিক মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার বিতরণ এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
রোববার (১২ জুলাই) মারিশ্যা জোন কমান্ডারের নেতৃত্বে উপজেলার বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গতদের মাঝে রান্না করা খাবার ও সুপেয় পানি পৌঁছে দেওয়া হয়। বিজিবি সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে এই খাদ্য সহায়তা প্রদান করেন।
খাদ্য সহায়তার পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা (এএমসি)-এর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল ২৫০ জন অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
এ সময় আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বলেন, "বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। বন্যাকবলিত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষদের পানিবাহিত রোগ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন এবং যেকোনো প্রয়োজনে বিজিবি পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। বর্তমানে বিজিবি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্লাবিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments