সোনারগাঁয়ে গোপন বৈঠককালে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোপন বৈঠক করার সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের দরিকান্দি জাইদারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা দরিকান্দি এলাকায় গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে এএসআই কামরুলের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতা-কর্মীরা পালিয়ে গেলেও মাহমুদুল হাসান দুলালকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
দলীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান দুলাল বিগত ১৭ বছর ধরে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে তাকে অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নতুন দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি মোগরাপাড়া ও দরিকান্দিসহ জেলার বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করে আসছিলেন।
অভিযান পরিচালনাকারী এএসআই কামরুল বলেন, "গোপন বৈঠকের খবর পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও দুলালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।"
এ বিষয়ে বিস্তারিত জানতে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মানবকণ্ঠ/ডিআর




Comments