নারায়ণগঞ্জে র্যাব সদস্যদের কুপিয়ে আহত করা শীর্ষ সন্ত্রাসী ‘গিট্টু রিপন’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় ২ নম্বর এজাহারনামীয় আসামি ও শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গিট্টু রিপন ফতুল্লার মাসদাইর দাতা সড়ক এলাকার হারুন মিয়ার ছেলে। সে ওই এলাকার কুখ্যাত ‘জাহিদ বাহিনী’র প্রধান শুটার হিসেবে পরিচিত।
মঙ্গলবার বিকেলে র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গত ৫ মে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় একটি মাদক আস্তানার তথ্য সংগ্রহে গেলে র্যাব-১১-এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। গিট্টু রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে র্যাব সদস্য ইব্রাহিম, মাহী ও নাজিবুলকে গুরুতর আহত করে। এ ঘটনায় র্যাব সদস্য ইব্রাহিম বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৪৫ জনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, ঘটনার পর থেকেই রিপন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টার দিকে র্যাব-১৫ এর সহায়তায় র্যাব-১১ এর একটি দল কক্সবাজারের খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গিট্টু রিপন ফতুল্লা ও মাসদাইর এলাকায় কন্টাক্ট কিলিং, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির প্রধান হোতা। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা ও মাদক চোরাচালানসহ ১২টিরও বেশি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments