বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ফিফটির পর শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের টর্নেডো ইনিংসে এই লড়াকু পুঁজি পায় টাইগাররা।
আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার সাইফ ও তানজিদ মিলে গড়েন ১২০ রানের বিশাল উদ্বোধনী জুটি। সাইফ হাসান ৪৫ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৫৫ রান করে বিদায় নেন। অন্যদিকে তানজিদ তামিম ৪৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন।
তবে উদ্বোধনী জুটি ভাঙার পর হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১২০ থেকে ১৪১ রানের মধ্যে মাত্র ২১ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। অধিনায়ক তাওহিদ হৃদয় (৬), পারভেজ হোসেন ইমন (১) ও নুরুল হাসান সোহান (৪) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল।
বিপর্যয় কাটিয়ে ম্যাচের শেষ দিকে দৃশ্যপট বদলে দেন ইয়াসির আলী রাব্বি ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের অবিচ্ছিন্ন ১৯ বলে ৪৫ রানের ঝড়ো জুটিতে চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। ব্র্যাড ইভান্সের করা ইনিংসের শেষ ওভারে সাইফউদ্দিন শেষ চার বলে টানা চারটি ছক্কা মারেন। সেই ওভারে আসে মোট ২৮ রান। শেষ পর্যন্ত মাত্র ১০ বলে ৪টি ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন। অন্যদিকে ১২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২২ রানে অপরাজিত ছিলেন ইয়াসির রাব্বি।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স ২টি করে উইকেট নেন। তবে ইভান্স ৪ ওভারে খরচ করেন রেকর্ড ৬৫ রান। সিকান্দার রাজা ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ১টি উইকেট।
জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ১৮৭ রান। সিরিজ বাঁচাতে হলে বল হাতে এখন নিয়ন্ত্রিত বোলিং করতে হবে তাসকিন-রিশাদদের।
মানবকণ্ঠ/ডিআর




Comments