Image description

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। উদ্ধারকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা। 

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভারতীয় সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থানে চোরাকারবারীদের আনাগোনা লক্ষ্য করে বিজিবি। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে অন্ধকারের সুযোগে দ্রুত পালিয়ে যায় চোরাকারবারীরা।

পরবর্তীতে টহল দল ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত এসব শাড়ির বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা। আইনি প্রক্রিয়া শেষে এসব শাড়ি কুমিল্লা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

১০ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময়ই তৎপর রয়েছে। বিশেষ করে ভারতীয় শাড়ি ও মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর