বাহরাইনে অবস্থিত মার্কিন ড্রোন ভেসেল ডিপো এবং যুক্তরাষ্ট্রের ‘প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেন্টার’ ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা আনাদোলু।
আইআরজিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু ও স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ওই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে, যাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে তেহরান।
বিবৃতিতে দাবি করা হয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন ড্রোন ভেসেলের একটি ডিপো লক্ষ্য করে হামলা চালানো হলে অনেকগুলো ড্রোন পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বাহরাইনের প্রধান ‘এআই সেন্টার’টি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আইআরজিসি-র অভিযোগ, মার্কিন বাহিনী এই সেন্টারটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ইরানে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণের কাজে ব্যবহার করে আসছিল।
এই অভিযানে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েক ডজন ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পরিবহন অবকাঠামোতে হামলা অব্যাহত রাখে, তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে অবস্থিত মার্কিন মালিকানাধীন গুরুত্বপূর্ণ শিল্প, তথ্যপ্রযুক্তি এবং এআই সম্পদগুলোতেও হামলা চালানো হবে।
আইআরজিসি আরও দাবি করেছে, মধ্যপ্রাচ্যের যেসব দেশ মার্কিন সামরিক ঘাঁটিকে জায়গা দিয়েছে, তারা সবাই এই যুদ্ধাপরাধের অংশীদার। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments