প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট বা ছাড় প্রদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এসব তথ্য জানান মন্ত্রী আফরোজা খানম। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী 'প্রবাসী কার্ড' বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করণীয় নির্ধারণে এই সভার আয়োজন করা হয়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, "প্রবাসীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা কাজ করছি। ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পান, তা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।"
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, শুধুমাত্র বিমানেই নয়, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনস্থ হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া এই 'প্রবাসী কার্ড' ব্যবহার করে প্রবাসীরা বিমানবন্দরে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা পাবেন।
সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসী কার্ড বাস্তবায়নে বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রসমূহ তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments