সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২১ জুলাই) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে এডভোকেট জুবায়ের বলেন, “অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর নজর রাখছে।”
তিনি আরও উল্লেখ করেন, “বিষয়টি নিয়ে ইতোমধ্যে জনাব গাজী নজরুল ইসলামের নিজস্ব বিবৃতি ছাড়াও তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামী আরও নিবিড়ভাবে খোঁজখবর নিচ্ছে।”
বিবৃতিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতির প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments