Image description

পাবনার ঈশ্বরদীতে স্ত্রীর কাছে মাদক সেবনের টাকা চেয়ে না পেয়ে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জুয়েল রানা (৪০) নামের এক মাদকসেবীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সাঁড়াগোপালপুর বকশিরচক তালতলা মোড়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জুয়েল রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মঙ্গলবার বিকেলে তিনি মাদক কেনার জন্য তাঁর স্ত্রীর কাছে টাকা দাবি করেন। স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে জুয়েল ঘরে ঢুকে কোরআন শরীফের ভেতর টাকা খুঁজতে থাকেন। এক পর্যায়ে সেখানে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে পবিত্র কোরআন শরীফটি পুড়িয়ে দেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন জুয়েল রানাকে তাঁর বাড়ি থেকে ধরে তালতলা মোড়ে নিয়ে আসেন। বিক্ষুব্ধ জনতা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ঈশ্বরদী-রূপপুর রেললাইনের তালতলা রেলগেটের সঙ্গে তাঁকে রশি দিয়ে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। উত্তেজিত জনতা তাঁর চুল-দাড়ি কেটে, মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে প্রতিবাদ জানায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "জুয়েল রানা একজন চিহ্নিত মাদকসেবী। তাঁর স্ত্রী ভয় ও নিরাপত্তার কারণে প্রায়ই কোরআন শরীফের ভেতরে টাকা লুকিয়ে রাখতেন। জুয়েল সেখানে টাকা না পেয়ে পবিত্র ধর্মগ্রন্থে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।"

তিনি আরও জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর