জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগকে আর কোনোভাবেই এ দেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। আওয়ামী লীগের চিহ্নিত কোনো নেতাকর্মী নির্বাচনে অংশ নিতে পারবে না, তবে তাঁরা সাধারণ নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা এনসিপি আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, "আওয়ামী লীগের কেউ যদি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। তারা ব্যবসা করুক, উপার্জন করুক—সেটি তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ফ্যাসিস্ট শক্তি হিসেবে তাদের রাজনৈতিক পুনরুত্থান ঘটবে না।" তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিদায় হয়েছে, এখন বিএনপি যদি ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করে, তবে এ দেশের মানুষ তা মেনে নেবে না।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, "জুলাই বিপ্লব এখনো শেষ হয়ে যায়নি, এই আন্দোলন চলমান। এনসিপির কর্মীরা পাড়া-মহল্লা দখল করবে তবে তা চাঁদাবাজি বা দখলদারিত্বের জন্য নয়, বরং চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য।"
আরেক মুখ্য সমন্বয়ক সারজিস আলম বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, "বিএনপির অনেক নেতাকর্মী এখন লুটপাট, দুর্নীতি আর ভাগাভাগিতে মেতে উঠেছেন। তাদের বর্তমান অবস্থানও পতিত আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে। দুই বছর আগে কী অবস্থা হয়েছিল তা মনে রাখুন, জনগণের বিরুদ্ধে গেলে আপনাদেরও একই পরিণতি হবে।"
সারজিস আলম সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "এক শ্রেণির আমলা এত বেশি দলকানা হয়ে গেছেন যে, তাঁরা এখন নিজেদের বিএনপির পরিচয় দিয়ে দল পরিচালনা শুরু করেছেন। কর্মকর্তাদের এই আচরণ বন্ধ করতে হবে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।"
সভায় নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা এনসিপির সদস্য সচিব ডা. কামরুল হাসান দর্পণকে এনসিপির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন আখতার হোসেন ও নাসির উদ্দিন পাটোয়ারী।
এনসিপির জেলা আহ্বায়ক ডা. কামরুল হাসান দর্পণের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম এবং এবি পার্টির জেলা সেক্রেটারি আলতাফ হোসেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments