স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি কালক্ষেপণ করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই নির্বাচনের কথা বলা হলেও বারবার সময় পেছানো হচ্ছে। কখনও ছয় মাস, আবার কখনও অল্প সময়ের কথা বলে আসলে সময়ক্ষেপণ করা হচ্ছে।
বুধবার (২২ জুলাই) রাত ১০টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বানিনগর উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই পথযাত্রা’ শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরে নিজেদের দলীয় লোক বসিয়ে রাখা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন না দিয়ে দলীয় লোক দিয়ে প্রশাসন চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রকৃত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করলেই জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো সম্ভব।”
নির্বাচন ব্যবস্থা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “নখ কাটতে গিয়ে পুরো হাত কেটে ফেলার মতো পাতানো নির্বাচন আয়োজনের কোনো সুযোগ আর বাংলাদেশে নেই। এ দেশের জনগণের ভোটাধিকার নিয়ে পুনরায় ছিনিমিনি খেলার কোনো সুযোগ দেওয়া হবে না।”
উত্তরাঞ্চলের সমস্যা ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আখতার হোসেন বলেন, “ভোটের সময় রাজনৈতিক দলগুলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বড় বড় প্রতিশ্রুতি দিলেও ভোট শেষ হলে তা ভুলে যায়। দেশের অন্য এলাকায় বড় প্রকল্প নেওয়া হলেও উত্তরাঞ্চলের কোটি মানুষের প্রাণরক্ষা ও উন্নয়নের এই মহাপরিকল্পনা বারবার উপেক্ষিত থেকেছে। এবার আর কেবল প্রতিশ্রুতিতে কাজ হবে না, এর বাস্তবায়ন দেখতে চায় জনগণ।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ অতীতে পাতানো নির্বাচন দিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মানুষ এখন মৌলিক সংস্কার চায়। কিন্তু একটি নির্দিষ্ট গোষ্ঠী নিরপেক্ষ নির্বাচনের পরিবর্তে নিজেদের লোক বসাতে তাড়াহুড়ো করছে।
লালমনিরহাট জেলা এনসিপির সদস্য সচিব শাহ সুলতান নাসির উদ্দীন নাহিদের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments