সাতক্ষীরার শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিকস সামগ্রীসহ দুই কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার পানখালী গ্রামের হাকিম গাজীর ছেলে মো. সুমন ও পূর্ব কালীনগর গ্রামের রাশিদুল মোড়লের ছেলে ইসমাইল মোড়ল।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াদের নেতৃত্বে একটি আভিযানিক দল সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে সুমন ও ইসমাইলকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুনা নদীর চর থেকে বস্তাভর্তি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট, অ্যাসকোরিল সিরাপ ও বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব সদস্যরা মালামালসহ আটককৃতদের থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের অনুপ্রবেশ রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments