মুন্সিগঞ্জের লৌহজংয়ে পৃথক দুটি স্থানে পানিতে ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) উপজেলার গাওদিয়া ও বৌলতলী ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শামুরবাড়ী গ্রামের শরীফ শিকদারের স্ত্রী মিহিতা আক্তার ববি (৩৪) সকাল সাড়ে ১১টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। দুপুর ১২টার দিকে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় আওলাদ শেখের মেয়ে। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুজনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments