Image description

পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর প্রতিনিধি কে এম বাচ্চুর ওপর বর্বরোচিত হামলা ও হাতুড়ি পেটার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। সোমবার রাতে কুয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুয়াকাটা পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহিদ সিকদার (ওরফে পচা শহিদ) এবং ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি নাসির হাওলাদার। মঙ্গলবার (২৮ জুলাই) তাঁদের কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের হোটেল সৈকত সংলগ্ন এলাকায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর মাথা ও দুই পা গুরুতর জখম করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী সাংবাদিকের পরিবার জানায়, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কুয়াকাটায় এক তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বায়েজিদ শিকদার রানা নামে এক যুবকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন কে এম বাচ্চু। ওই সংবাদের জেরে ক্ষিপ্ত হয়ে বায়েজিদ ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালায়। মামলায় বায়েজিদ শিকদার রানা, শহিদ সিকদার, হারুন মুসল্লিসহ আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, "সন্ত্রাসীদের দলে কোনো স্থান নেই। এই হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর