Image description

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে অনলাইন জুয়ার (বেটিং) আসরে অভিযান চালিয়ে মূল এজেন্টসহ আটজনকে আটক করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে শহরের নিউ মার্কেট-সংলগ্ন শফিক প্লাজার চতুর্থ তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, সুজন দেবনাথ, সালমান ভূঁইয়া, ঝন্টু কর্মকার, আকরাম হোসেন, কায়েস মিয়া, শাহাদাত হোসেন চৌধুরী, জহর এবং আল-আমিন। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর ও বিভিন্ন উপজেলায়।

র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শফিক প্লাজার চতুর্থ তলায় অভিযান চালায়। এ সময় ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে বেটিং পরিচালনা ও জুয়া খেলার সময় মূল এজেন্টসহ আটজনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন বেটিং সাইটের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অভিযানকালে তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা এবং সমাজ থেকে অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/এমআর