ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় খালের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও জান্নাত (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ৬নং বিলডোরা ইউনিয়নের পশ্চিম দারিয়াকান্দা (কানাকড়িকান্দা) গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের তুলা মিয়ার ছেলে এবং জান্নাত তুলা মিয়ার নাতনি ও বুরহান উদ্দিনের মেয়ে। দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে বালুয়াকান্দা খালের পাড়ে খেলছিল আব্দুল্লাহ ও জান্নাত। সন্ধ্যার দিকে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা খালের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
নিহত আব্দুল্লাহর বাবা তুলা মিয়া কান্নজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছুটিতে বাড়িতে এসেছিল। বিকেলে তার ভাতিজি জান্নাতকে নিয়ে খেলতে বের হয়েছিল। কিন্তু দুজনই আর জীবিত ফিরে আসেনি।"
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments