বাবুগঞ্জে ভয়াবহ নদীভাঙনে বিলীন অর্ধশতাধিক ঘরবাড়ি, ঝুঁকিতে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রবল বর্ষণ ও নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। পানির তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভুতেরদিয়া গ্রামে ইতিমধ্যে অর্ধশতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে চরম ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনগুরুত্বপূর্ণ বাবুগঞ্জ-স্টিমারঘাট সড়ক।
সরেজমিনে দেখা গেছে, পশ্চিম ভুতেরদিয়ার এমপির হাট সংলগ্ন এলাকায় নদীভাঙন মূল সড়কের মাত্র ৭০ গজের মধ্যে চলে এসেছে। বাবুগঞ্জ, কেদারপুর ও জাহাঙ্গীরনগর এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম এই সড়কটি বিলীন হলে বিচ্ছিন্ন হয়ে পড়বে যাতায়াত ব্যবস্থা। স্থানীয়দের আশঙ্কা, জোয়ারের পানি নেমে যাওয়ার সময় ভাঙন আরও তীব্র আকার ধারণ করতে পারে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দা হাবিব হাওলাদার বুকফাটা আর্তনাদে বলেন, “নদী ভাঙনে ইতোমধ্যে আমার বাড়ি তিনবার বিলীন হয়েছে। নতুন করে যে ঘরটি তুলেছি, সেটিও এখন ভাঙনের মুখে। এবার ভেঙে গেলে আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না।” স্থানীয় ব্যবসায়ী আজগর হোসেন ফরিদ বলেন, “দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পশ্চিম ভুতেরদিয়া গ্রামের অবশিষ্ট অংশ এবং গুরুত্বপূর্ণ সড়কটি সম্পূর্ণ নদীগর্ভে হারিয়ে যাবে।”
স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বলেন, “নদী ভাঙন রোধে অতিদ্রুত ব্লক বা বালুর বস্তা ফেলে জরুরি পদক্ষেপ না নিলে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে।”
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা বলেন, “নদীভাঙনের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলছি। ভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে ভাঙনকবলিত এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। এলাকাবাসী এই দুর্যোগ মোকাবিলায় এবং নিজেদের শেষ সম্বল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments