Image description

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন। শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলেও কোনো পদেই প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ফলে গঠনতন্ত্র অনুযায়ী সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা শূন্যপদের সমান বা কম হলে সংশ্লিষ্ট প্রার্থীদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়। সেই বিধান অনুসারেই আবারও সভাপতি হিসেবে দায়িত্ব পান কাজী সালাহউদ্দিন।

২০০৯ সাল থেকে সাফের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। এবারের নির্বাচনের মাধ্যমে টানা পঞ্চম মেয়াদে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার সভাপতির দায়িত্ব পালন করবেন।

এর আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সী কেউ নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারতেন না। তবে গত বছর কলম্বোতে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সেই বয়সসীমা বাতিল করা হয়। ফলে এবারের নির্বাচনে কাজী সালাহউদ্দিনের প্রার্থী হতে আর কোনো বাধা ছিল না।

নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্বও বেড়েছে। সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাসওয়ার উমারু লাবে। নির্বাহী কমিটির আরেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন হুসাইন শাফিউ