সংবাদ সংগ্রহের ব্যস্ততা আর পেশাগত দায়িত্বের বাইরে একদিনের জন্য পরিবার-পরিজনকে নিয়ে আনন্দ-উৎসবে মেতেছেন রাজশাহীর সাংবাদিকরা। খেলাধুলা, শিশুদের নানা আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও মিলনমেলায় দিনভর মুখর ছিল রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে শনিবার নগরীর শহীদ জিয়া শিশু পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘ফ্যামিলি ডে-২০২৬’। এতে শতাধিক সাংবাদিক তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন।
কর্মক্ষেত্রের আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে এ আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের পরিবারের সদস্যদের মধ্যেও পরিচিতি, আন্তরিকতা ও সৌহার্দ্যের বন্ধন গড়ে ওঠে। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
আরইউজের সভাপতি মুহা. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী, আরইউজের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন এবং আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. তৌহিদুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ব্যস্ততায় সাংবাদিকদের পরিবারের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। বছরে একদিনের এমন আয়োজন প্রশংসনীয় হলেও প্রতিদিনই পরিবারের জন্য কিছুটা সময় রাখা প্রয়োজন।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সবার সহযোগিতায় রাজশাহীকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে মুহা. আব্দুল আউয়াল বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মধ্যেও সদস্য ও তাঁদের পরিবারের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতেই প্রতিবছরের মতো এবারও ফ্যামিলি ডে আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে।
আয়োজকদের মতে, সাংবাদিক পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, আন্তরিকতা ও বন্ধন দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দিনব্যাপী এ মিলনমেলায় অংশগ্রহণকারীরা এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।




Comments