সোনারগাঁয়ে দুই হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা, ওটি সিলগালা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লাইসেন্স নবায়ন না করে হাসপাতাল পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করে দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডিকেয়ার জেনারেল হাসপাতালে এই অভিযান পরিচালনা করেন কাচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, হাসপাতাল দুটির লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। এছাড়া তাদের মেডিকেল বর্জ্য অপসারণে কোনো যথাযথ ব্যবস্থা ছিল না এবং প্যাথলজি ল্যাবেও চরম অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়েছে। এসব অনিয়মের দায়ে ‘মেডিকেল প্র্যাকটিস বেসরকারি ও ল্যাবরেটারি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ অনুযায়ী রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং মেডিকেয়ার জেনারেল হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় সরঞ্জাম ও মানসম্মত পরিবেশ না থাকায় মেডিকেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারটি সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments