দিনাজপুরের বিরলে সাবেক স্বামীর ছুড়ে দেওয়া পেট্রোলে দগ্ধ হয়ে সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামলী একই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে শ্যামলী ও মাহবুবুর রহমানের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে শ্যামলী বাবার বাড়িতে বসবাস করছিলেন। শনিবার রাত ১১টার দিকে মাহবুবুর জোরপূর্বক বাড়িতে প্রবেশ করেন। এ সময় তার হাতে থাকা পেট্রোল শ্যামলীর শরীরে ছুড়ে দিয়ে লাইটারের সাহায্যে আগুন ধরিয়ে দেন।
শ্যামলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মাহবুবুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গুরুতর দগ্ধ অবস্থায় শ্যামলীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনার রাতেই বিরল থানা পুলিশ অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানার ওসি আনিছুর রহমান সরকার বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




Comments