ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর (আনুমানিক ৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের তথ্যমতে, নিহত ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরাফেরা করতেন। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই নারী মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এদিকে ঘাতক বাসটি না থেমেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিচরণ করতেন। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments