বিশ্বজুড়ে মেমোরি চিপের চরম সংকটের প্রভাব এবার পড়েছে অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ ‘ম্যাকবুক এয়ার’-এর ওপর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে মেমোরি চিপের অতিরিক্ত চাহিদার কারণে বিশ্ববাজারে এই ল্যাপটপটির সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।
ব্লুমবার্গের প্রখ্যাত প্রযুক্তি বিষয়ক প্রতিবেদক মার্ক গারম্যান জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর বাড়তে থাকা চাহিদার ফলে চিপের সরবরাহ কমে গেছে। এই সংকটের প্রভাব শুরুতে ম্যাক মিনি ও ম্যাক স্টুডিওর মতো সীমিত ব্যবহারের কম্পিউটারে দেখা গেলেও, এখন তা অ্যাপলের সর্বাধিক বিক্রিত ডিভাইস ম্যাকবুক এয়ারকেও আক্রান্ত করেছে। খুচরা বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে ম্যাকবুক এয়ারের সরবরাহ অনেক বেশি সীমিত।
অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দেখা গেছে, বর্তমানে কোনো গ্রাহক ম্যাকবুক এয়ার কিনতে চাইলে তাকে অন্তত আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এমনকি ল্যাপটপটির বিশেষ কিছু সংস্করণের ক্ষেত্রে সরবরাহের সময়সীমা আগামী সেপ্টেম্বর পর্যন্ত গড়িয়েছে।
এই পরিস্থিতি সামাল দিতে অ্যাপল কর্তৃপক্ষ বেশ কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি মেমোরি চিপের জন্য বাড়তি দাম দিচ্ছে এবং ঘাটতি মেটাতে চীনা সরবরাহকারীদের কাছ থেকেও চিপ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
সরবরাহ সংকটের কারণে বিপণন কৌশলেও পরিবর্তন এনেছে অ্যাপল। প্রতিবছর জুনে শুরু হওয়া শিক্ষার্থীদের জন্য ‘বার্ষিক মূল্যছাড়’ কর্মসূচি এবার পিছিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বর্তমানে তারা প্রচারণায় ম্যাকবুক এয়ারের পরিবর্তে ‘ম্যাকবুক প্রো’-এর মূল সংস্করণকে বেশি গুরুত্ব দিচ্ছে। এমনকি অ্যাপলের প্রচারসামগ্রীতে এখন স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে, ‘ম্যাকবুক এয়ারের সরবরাহ বর্তমানে সীমিত’।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার যেভাবে বিস্তৃত হচ্ছে, তাতে মেমোরি চিপের এই অস্থিরতা বিশ্ব ইলেকট্রনিক্স বাজারে আরও দীর্ঘস্থায়ী হতে পারে।
মানবকণ্ঠ/ডিআর




Comments