Image description

নরসিংদীর মনোহরদীতে 'আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড'-এর প্রায় ৩০০ গ্রাহকের অন্তত ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিচালনা কমিটির মালিক ও স্থানীয় বিএনপি নেতা আলম হোসেনের বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত ও অভিযুক্তের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত সদস্যরা।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের শেখের বাজারে সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযুক্ত আলম হোসেন কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অধিক মুনাফার লোভ দেখিয়ে আলম হোসেন স্থানীয় সাধারণ মানুষকে সমিতির সদস্য করেন। বর্তমানে প্রায় ৩০০ গ্রাহকের জমাকৃত টাকার পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। তবে গত তিন বছর ধরে গ্রাহকদের কোনো লভ্যাংশ দেওয়া হচ্ছে না। এমনকি আমানতকৃত মূল টাকা ফেরত চাইতে গেলে সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং একাধিক সদস্যকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ করা হয়।

ভুক্তভোগীরা জানান, জীবনের শেষ সম্বল ও কষ্টার্জিত সঞ্চয় সমিতিতে জমা রেখে এখন তাঁরা চরম আর্থিক অনিশ্চয়তা ও পারিবারিক অশান্তিতে দিন কাটাচ্ছেন। গ্রাহকরা দ্রুত জমা টাকা উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি শাস্তির জোর দাবি জানান।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত সদস্য শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন রোকন, মানিক মিয়া, আকাশ মিয়া, মাহমুদা বেগমসহ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে ভুক্তভোগী সদস্যরা মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের কাছে একটি লিখিত স্মারকলিপি হস্তান্তর করেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা আলম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।