Image description

টাঙ্গাইলের সখীপুরে কিডনি রোগে আক্রান্ত এক প্রবাসীকে গভীর রাতে গ্রামের রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে।

সারারাত রাস্তায় পড়ে থাকার পর রোববার (২ আগস্ট) সকালে স্থানীয়রা তাকে দেখতে পান। পরে ওই ব্যক্তির ভাতিজি তাকে নিজের বাড়িতে নিয়ে আশ্রয় দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

প্রবাসফেরত ওই ব্যক্তির নাম জামাল উদ্দিন। তিনি উপজেলার কালমেঘা গ্রামে মৃত ফজর আলীর ছেলে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, প্রায় এক যুগ আগে জামাল উদ্দিন পৈতৃক ভিটাসহ সম্পত্তি বিক্রি করে স্ত্রী রিনা আক্তারের সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সেখানে প্রায় ১২ বছর প্রবাস জীবন কাটানোর সময় উপার্জিত অর্থ স্ত্রীর নামে দেশে পাঠাতেন।

প্রায় তিন মাস আগে অসুস্থ অবস্থায় দেশে ফেরেন জামাল উদ্দিন। তার কিডনি বিকল হওয়ায় তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। পরিবারের অভিযোগ, দেশে ফেরার পর তার চিকিৎসার দায়িত্ব নিতে স্ত্রী ও সন্তানরা অনীহা দেখান।

শনিবার (১ আগস্ট) দিনগত গভীর রাতে স্ত্রী ও সন্তানরা তাকে কালমেঘা গ্রামের পৈতৃক ভিটার পাশে বোনজামাই আব্দুল গফুরের বাড়ির কাছের রাস্তায় রেখে চলে যান। তিনি সারারাত সেখানেই পড়ে ছিলেন। সোমবার সকালে উৎসুক গ্রামবাসী তাকে দেখতে ভিড় করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলে তার ভাতিজি ইসমত আরা তাকে নিজের বাড়িতে নিয়ে যান। বর্তমানে সেখানেই আশ্রয়ে রয়েছেন জামাল উদ্দিন।

ভাতিজি ইসমত আরার ভাষ্য, অসুস্থ চাচাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমার খারাপ লেগেছে। তাই তাকে আপাতত আমার বাড়িতে আশ্রয় দিয়েছি।

জামাল উদ্দিনের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে রায়হান একটি পোশাক কারখানায় চাকরি করেন।

এ বিষয়ে জানতে জামাল উদ্দিনের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

জামালের ছেলে আবু রায়হান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি আমার বাবাকে মা রাস্তায় ফেলে গেছে। মায়ের সঙ্গে আমারও সম্পর্ক ভালো না। অসুস্থ বাবার সঙ্গে এরকম অমানবিক আচরণ করা মোটেই ঠিক হয়নি। আমি মায়ের বিচার দাবি করছি।’

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ‘একজন অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়া অমানবিক। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’